
সোনারগাঁও প্রতিনিধি:
আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মোশারফ হোসেন আতাউর রহমানের পক্ষে স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। আতাউর রহমান বর্তমানে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় সমর্থনের বিষয়টি সামনে এসেছে। এদিকে বিএনপি নেতা আতাউর রহমান প্রায় এক বছর যাবত ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার নির্বাচিত হওয়ার প্রত্যশা নিয়ে এলাকাবাসীকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা ও সেবা প্রদান করে আসছেন।