
লাইভ সোনারগাঁও ২৪ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজীর কালে পুলিশ-চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলি ও টেটাবিদ্ধ হয়ে তিন পুলিশসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি চাঁদাবাজ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বালুবাহী বাল্কহেড ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজী করে আসছে। মঙ্গলবার সকালে বিভিন নৌযানে নুনেরটেক এলাকায় মেঘনা নদী দিয়ে যাওয়ার পথে বারেককের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন টেটা, বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌযানে চাঁদা দাবী করে। এ সময় তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় এমভি জয়নব বৃষ্টি পরিবহন বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে সোনারগাঁও বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা পুলিশের উপর টেটা, বল্লম দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর নামে তিন পুলিশ সদস্য রক্তাক্ত জখম হয়। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাঁদাবাজ চক্রটি মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজী করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে সকালে চাঁদাবাজরা বিভিন্ন বাল্কহেডে চাঁদা উত্তোলনের বাল্কহেডরে শ্রমিকদের উপর হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গেলে চাঁদাবাজরা পুলিশের উপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।