লাইভ সোনারগাঁও ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা মো. দেলোয়ার হোসেন দুলু-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন (দুলু) কে এর আগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে সোনারগাঁয়ের যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তি, ১৩ সেপ্টেম্বর ২০২৬।